২১ নভেম্বর ২০২৬, ১২:০৯

রাজনীতি নিষিদ্ধ দারুন নাজাত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ছাত্রশিবিরের

শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান  © সংগৃহীত

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদ্রাসা শাখা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মাদ্রাসার বাইরে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের উপস্থিতিও ছিল। তবে মাদ্রাসার নাম ব্যবহার করে বাইরে রাজনৈতিক সংগঠনের এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী। অন্যদিকে, মাদ্রাসার ভেতরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্দেশনা মেনেই বাইরে অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছেন ছাত্রশিবিরের সংশ্লিষ্ট শাখার সভাপতি।

শুক্রবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শাখা তিন শতাধিক আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীকে নিয়ে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাখা সভাপতি আব্দুল্লাহ আল আনাস তানভীরের সভাপতিত্বে এবং মহিউদ্দিন আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি দেলোয়ার হোসেন ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিবুল্লাহ হোসাইনীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাখা সভাপতি আব্দুল্লাহ আল আনাস তানভীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রশিবিরের উদ্যোগে আমরা একটি প্রোগ্রামের আয়োজন করছি। এটি মাদ্রাসার বাইরে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ৫ আগস্টের পর আমাদের প্রিন্সিপাল বলেছিলেন, শিক্ষার্থীরা ছাত্রশিবিরসহ যেকোনো সংগঠন করতে পারবে। তবে ক্যাম্পাসের ভেতরে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যাবে না। আমরা হুজুরের সেই নির্দেশনাকে সম্মান জানিয়েই ক্যাম্পাসের বাইরে প্রোগ্রামটি আয়োজন করেছি। এতে হলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছেন। ক্যাম্পাসের ভেতরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নই। যেহেতু হুজুর নিষেধ করেছেন, তাই আমরা ভেতরে কোনো কার্যক্রম পরিচালনা করছি না।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থী পড়াশোনা করে। এ কারণে কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন, আবার কেউ নেতিবাচকভাবে নেন। তবে আমরা হুজুরের নির্দেশনাকে সম্মান জানিয়েই বাইরে প্রোগ্রাম করছি। প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রোগ্রাম আয়োজনের বিষয়ে আমাদের তেমন কোনো আপত্তি থাকার কথা নয়। কারণ, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই সাংগঠনিক কার্যক্রম থাকে। কেউ হয়তো প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে, আবার কেউ করে না। আমাদের ছাত্রসংগঠনগুলোর কার্যক্রমও প্রতিষ্ঠানকেন্দ্রিক।

তিনি আরও বলেন, এখানে হিজবুল্লাহর কমিটি রয়েছে। তাদের ছাত্রসংগঠনের বড় ধরনের সাংগঠনিক কাঠামো আছে। তাদের ভিপি, জিএসসহ বিভিন্ন পদ ও অফিসও রয়েছে। তারা সরাসরি মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে এবং মাদ্রাসার অর্থায়নে সেসব অনুষ্ঠান করে ছাত্র হিজবুল্লাহর নামে পরিচয় দেয়। তখন কোনো সমস্যা হয় না। অথচ ছাত্রশিবির বাইরে একটি প্রোগ্রাম আয়োজন করায় এখন সবার মধ্যে সমালোচনা শুরু হয়েছে। আমাদের বিবেচনায়, আমরা কোনো ভুল কার্যক্রম করিনি। কারণ, আমরা প্রতিষ্ঠানের বাইরে প্রোগ্রাম আয়োজন করছি। ছাত্রসংগঠনের কার্যক্রম সাধারণত প্রতিষ্ঠানকেন্দ্রিক হলেও ভেতরে নিষেধাজ্ঞা থাকায় আমরা বাইরে আয়োজন করেছি।

এদিকে, অনুষ্ঠান আয়োজনের সমালোচনা করে মোহাম্মদ মহিউদ্দিন হাসান নামের এক শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘সব জায়গায় পরকীয়া মনোভাব। দারুননাজাত মাদ্রাসা দেশের অন্যতম স্বনামধন্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে সরাসরি রাজনীতি নিষিদ্ধ। শিবির এমপির বলয়ে দারুননাজাত মাদ্রাসার নাম ব্যবহার করে মাদ্রাসার বাইরে যেয়ে প্রোগ্রাম কোনোভাবেই কাম্য নয়। যেখানে বিগত সরকার কোনো সময় মাদ্রাসায় এসে কোনো প্রকার রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে নাই সেখানে জামায়াত শিবিরের এই কাজ নিন্দনীয়। এখানে চুপিচুপি একটা তথাকথিত প্রোগ্রামকে যারা বিজয় বলে ধারণা করতেছে তাদের এতটুকু বুঝার ক্ষমতা হোক যে এগুলো আসলে তাদের নিজেদের দিকেই কাঁদা ছুড়াছুড়ির সামিল।’

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল খায়ের মুহা. আবুবকর সিদ্দীক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দারুন্নাজাত মাদ্রাসার নাম ও ব্যানার ব্যবহার করে বাইরে একটি ছাত্রসংগঠন অনুষ্ঠান আয়োজন করেছে বলে জানতে পেরেছি। তবে অনুষ্ঠানটি মাদ্রাসার ভেতরে হয়নি। মাদ্রাসা ক্যাম্পাসে এ ধরনের কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়নি। বাইরে কোথায় কীভাবে তারা অনুষ্ঠান করেছে, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানা নেই। শুধু মাদ্রাসার নামসংবলিত একটি ব্যানার ও কিছু ছবি ব্যবহার করা হয়েছে এটুকুই আমরা জানি। বিষয়টি আমরা যাচাই করে দেখছি। যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।