নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেরোবি ছাত্রদলের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের পদধারী যেসব নেতাকর্মী হলে অবস্থান করছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে হল থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। অন্যথায় ছাত্রদলই তাদের হল থেকে বের করে দেবে বলে হুশিয়ারি দিয়েছেন শাখার সাধারণ সম্পাদক জহির রায়হান।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন
জহির রায়হান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো স্থান হবে না। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বীর শহীদ আবু সাঈদ ভাইয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কখনোই ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের পদে থাকা হলে অবস্থানকারীদের বিতাড়িত করার দাবি জানানো হচ্ছে, অন্যথায় ছাত্রদল তাদের হল থেকে বের করে দেবে। এছাড়া গণঅভ্যুত্থানের পর যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থ দিয়ে ছাত্রলীগকে একত্রিত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৭টি বছর ধরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপিসহ অসংখ্য গুম, খুন এবং নির্যাতনের ইতিহাস দেশের মানুষ দেখেছে উল্লেখ করে ছাত্রদলের এ নেতা বলেন, ১৭ বছর পর ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি।
আরও খবর: আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, বিদেশে পালিয়েছেন একজন
তিনি আরও বলেন, এর মধ্যে ফ্যাসিস্ট ছাত্রলীগ ও শেখ হাসিনার দোসররা বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালাচ্ছে। তবে জাতীয়তাবাদী ছাত্রদল গোটা বাংলাদেশে ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত।
জহির রায়হান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এই ফ্যাসিস্টদের আসল রূপ পুনরায় দেখে নিয়েছে। গত দুই-তিন দিনে গোপালগঞ্জে থানা ভাঙচুর এবং বিএনপি নেতাকর্মীদের বাসায় আগুন দেওয়ার নির্মম ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। ১৭ বছর ধরে গুম-খুন চালানো ফ্যাসিস্টদের রূপ ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ আবার দেখেছে এবং মানুষ আর কখনোই ছাত্রলীগ ও গুন্ডালীগকে রাজনীতি করার সুযোগ দেবে না।
তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর তারেক রহমানের সরকার চাইলে একদিনের মধ্যেই গোপালগঞ্জকে মুক্ত করতে পারতো এবং সেখানে ছাত্রলীগের নাম নেওয়ার লোক পাওয়া যেতো না। তবে ধৈর্যের পরিচয় দিয়ে দেশের মানুষকে দেখানো হচ্ছে তারা ১৭ বছর এবং গণঅভ্যুত্থানের পর কী করছে। কোনোভাবেই ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয়ে তথা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হবে না।