‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক নেতাকে অব্যাহতি
সাংগঠনিক দায়িত্বে অবহেলা ও দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক ফারাবীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে ক্যাম্পাস ছেড়ে ব্যবসায় মনোযোগী হওয়ার কারণে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন ওমর ফারুক।
আজ রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অন্যদিকে, এই নেতাকে ‘গুপ্ত’ সন্দেহে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে ছাত্রদল।
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মালিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে দায়িত্বে অবহেলা ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার সুনির্দিষ্ট অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজয় একাত্তর হল শাখার যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে ওমর ফারুককে সাংগঠনিক পদবি থেকে অব্যহতি দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত সন্দেহে বহিষ্কার করার গুঞ্জন উঠলেও মেলেনি কোনো সত্যতা।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘আমি দুই বছর আগেই ক্যাম্পাস ছেড়ে দিয়েছি। বর্তমানে নিজের ব্যাবসা নিয়ে ব্যস্ত আছি। ব্যবসার কাজ নিয়েই সময় কাটছে এবং সেটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূলত ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় ক্যাম্পাসে সময় দেওয়া হয় না। এ কারণে এসব বিষয়ে আমি কিছু জানি না, এমনকি দেখিও না।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামী বলেন, ‘বরখাস্তের কারণ প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যা লেখা আছে, তা ভালোভাবে পড়লেই বিষয়টি বোঝা যাবে।’
ওমর ফারুককে গুপ্ত সন্দেহে অব্যাহতি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো বট পেজের সূত্র ধরে আমাকে এই প্রশ্ন করার যৌক্তিকতা বুঝতে পারছি না। কোনো শিক্ষার্থীর এ বিষয়ে প্রশ্ন বা অভিযোগ থাকলে আমাকে সরাসরি জানাতে পারেন। অন্য কোনো সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকলে সেটিও বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকত। আমাদের লুকানোর মতো কিছু নেই।’
এদিকে বিজয় একাত্তর হল ছাত্রদলের এক নেতা জানান, ওমর ফারুক প্রায় দেড় বছর ধরে কমিটির কোনো কর্মসূচিতে অংশ নেননি। এ সময় অন্য নেতাকর্মীদের সঙ্গেও তার রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। এসব কারণেই তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গুপ্ত সন্দেহে তাকে অব্যাহতি দেওয়ার প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা ও গুজব উল্লেখ করে তিনি বলেন, ‘গুজববাজদের কাজই গুজব ছড়ানো, এ ছাড়া আর কিছু না।’