১০ নভেম্বর ২০২৬, ২২:৩৭

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শিবিরের

ছাত্রশিবিরের লোগো   © টিডিসি সম্পাদিত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীদের আবাসিক প্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থীর আইসিইউতে চিকিৎসাধীন থাকা এবং একজনের লাইফ সাপোর্টে থাকার বিষয়টি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁদের শোকাহত ও উদ্বিগ্ন পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে চিকিৎসার ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা যথাযথ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। তদন্তে কারও দায়িত্বহীনতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ দেশের সব মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।