দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইবির ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং দেশব্যাপী নৈরাজ্য, হামলাসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এসে শেষ হয়। এতে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদসহ যুগ্ম আহবায়ক, সদস্য এবং বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’; ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’; ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবে না’; ‘ফিরতে চাইলে শেখের বেটি, ছাত্রদল আছে রেডি’; ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’; ‘এই ক্যাম্পাসে হবে না ছাত্রলীগের ঠিকানা’; ‘খুনি হাসিনার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘এখন আছে হিন্দুস্তান ফিরলে যাবে গোরেস্তান’ ইত্যাদি স্লোগান দেন।
শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় কাজ করে যাচ্ছে। গতকাল রাতে নিষিদ্ধ সংগঠনের ডাকা তথাকথিত ধর্মঘটের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। একটি শান্তশিষ্ট ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ সব সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্রলীগের কোন স্থান হবে না। যেকোনো অপতৎপরতা রুখে দিতে ছাত্রদল সব সময় সজাগ আছে।’