ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকির অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এমনকি লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রকৌশলীর নিষেধ উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাদ ঢালাই করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত অংশ ভেঙে নতুন করে ভবন নির্মাণ এবং হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধার মেয়ে মমতাজ বেগম।
অভিযুক্ত ঠিকাদার মুক্তার হোসেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তার রাজনৈতিক প্রভাবের কারণে প্রকল্পের কাজ তদারকিতে অসহায়ত্বের কথা জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় উপসহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান। তার অভিযোগ, ঠিকাদার ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে দলীয় লোকজন নিয়ে প্রকল্প এলাকায় যান। এ কারণে তাকে কিছু বলার সাহস পান না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুল হক ফারুক রেজার কাছে প্রকল্পের তথ্য জানতে চাইলে প্রথমে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
সম্প্রতি দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরুই গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ছোহরাব উদ্দিনের মেয়ে মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
তবে দক্ষিণ গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল নাঈম বলেন, ‘অভিযোগ দেওয়ার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ দেওয়ার পর ছাদ ঢালাই হয়েছে। সেখানে আমার সম্পূর্ণ নিষেধ ছিল। আমি বলেছিলাম, আমি দেখার পর ছাদ ঢালাই হবে। কিন্তু ঠিকাদার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাদ ঢালাই করে ফেলেছেন। সেখানে তো আমার কিছু করার নেই।’
তিনি আরও বলেন, প্রকল্পের সব তথ্য পিআইওর কাছে রয়েছে। তিনি কেন তথ্য দিতে অস্বীকার করেছেন, তা তার জানা নেই। আমি তো ওই এলাকার স্থানীয় নই। তিনি অনেক লোকজন নিয়ে আসেন, তাকে কিছু বলা যায় না।’
ময়মনসিংহ বিভাগীয় উপসহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে তিনি মমতাজ বেগমের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। তখন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেছিলেন, দেয়ালে যেখানে যেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে, সেগুলো সরিয়ে ঢালাই করে দেওয়া হবে।
দেয়াল থেকে ইট সরিয়ে ঢালাই করা কতটা যুক্তিসংগত জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো অনিয়ম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এভাবে করে দিতে বলেছেন। তবে আমি এতে অস্বীকৃতি জানিয়েছি।’
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুদ প্রধান বলেন, ‘বিষয়টি তিনি সাংবাদিকের কাছেই প্রথম শুনেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হবে।’