০৬ নভেম্বর ২০২৬, ২২:২৯

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ২ দফা দাবি দিল অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের শিক্ষার্থীরা

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ   © টিডিসি সম্পাদিত ছবি

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দুই দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত সরকারি নিয়োগ পরীক্ষাটি সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার স্বার্থে তাঁরা মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, তাঁরা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। এ সময় তাঁরা দুই দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের প্রথম দাবি, মধ্যরাতে তাঁদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দাবিতে তাঁরা কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে সব শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা আরও জানান, কোনো ধরনের মৌখিক আশ্বাসে তাঁরা তাঁদের অবস্থান থেকে সরে আসবেন না। মধ্যরাতে ক্যাম্পাস ও হলে হামলার ঘটনায় যেসব শিক্ষক ও কর্মচারী মদদ দিয়েছেন, তাঁদেরও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, ‘যেসব শিক্ষক এবং কর্মচারীর মদদে মাঝরাতে ক্যাম্পাসে এবং হলে মাঝরাতে হামলা হলো তাদের দৃষ্টান্তমূলক বিচার যতদিন না পর্যন্ত আমরা পাচ্ছি আমাদের অবস্থান থেকে আমরা সরে দাঁড়াচ্ছি না!’

এর আগে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। এবার দুই দফা দাবি জানিয়ে নিজেদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিলেন তাঁরা।