ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
গাইবান্ধার ফুলছড়িতে তিন পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত টিটু মিয়া (২৯) ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলা শহরের খাদ্য গোডাউন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিটু মিয়াকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
ওসি এসরাকুল ইসলাম জানান, গ্রেপ্তারের বিষয়টি ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে অবহিত করা হয়। পরদিন শনিবার (৩১ অক্টোবর) সকালে ইউএনও মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টিটু মিয়াকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
তিনি জানান, শনিবার দুপুরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।