২৯ অক্টোবর ২০২৬, ১৭:২৭

নাটোরে শাকিল হত্যায় সরাসরি জড়িত প্রবাসী রাসেল, এমপিপুত্রও সন্দেহের বাইরে নয়

শাকিল ইসলাম ও রাকিবুল ইসলাম রাকিব  © সংগৃহীত ও সম্পাদিত

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যায় রাসেল নামে এক প্রবাসী পুরোপুরি জড়িত বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুও সন্দেহের বাইরে নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, যদিও আইনশৃঙ্খলা বাহিনী ডিবিতে মামলাটি নেওয়া হয়েছে, তারা তদন্ত করছে পুঙ্খানুপুঙ্খভাবে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এখানে একজনের জড়িত থাকার সুস্পৃষ্ট প্রমাণ আমরা পেয়েছি। তার নাম হলো রাসেল, যিনি বিগত সাড়ে ১৫ বছর এই আওয়ামী লীগের সরকারের... যুবলীগের সাথে সম্পৃক্ত ছিল।

রাসেল ডিবি লটারিতে আমেরিকায় গিয়েছেন বলেও জানিয়েছেন রাকিব। বলেছেন, আওয়ামী লীগের যে সন্ত্রাসী কার্যক্রম ছিল, সকল কার্যক্রমে এই রাসেল সম্পৃক্ত ছিল। সেই রাসেল এই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত। রাসেল আমেরিকা থেকেই নির্দেশদাতা বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।