ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসাদ্দিকের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের ফি কমানো, সমাবর্তনের গাউন স্থায়ীভাবে প্রদান এবং অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এসব দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এসব দাবি জানান। তিনি বলেন, আসন্ন সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি অতিরিক্ত। অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে এত টাকা ফি দিয়ে সমাবর্তনে অংশ নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মুসাদ্দিক আলী জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাদের কাছে বার্তা পাঠিয়ে সমাবর্তনের ফি কমানো, গাউন স্থায়ীভাবে শিক্ষার্থীদের প্রদান এবং খাবারের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, ‘গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না। কার্যকর উদ্যোগ না নিলে আমরা আন্দোলন করব, ইনশাআল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফি-সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালে অনুষ্ঠেয় ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক পর্যায়ের গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। স্নাতকোত্তর পর্যায়ের (মাস্টার্স/সমমান) গ্র্যাজুয়েটদের জন্য ফি ৫ হাজার টাকা।
এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএড/এমফিল (মেডিকেল), পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্সসহ সংশ্লিষ্ট অন্যান্য ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের ইভিনিং ও এক্সিকিউটিভ ডিগ্রিধারীদের জন্য নিবন্ধন ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েটদের অনলাইন আবেদন ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর ২০২৬।