গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহীন-ওয়ালিদ
গাইবান্ধা জেলা ছাত্রদলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন এই কমিটিতে জেলার সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুজ্জামান সরকার শাহীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ওয়ালিদ শাকিল।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক আইডিতে নতুন কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে ১১৫ জনের নামের তালিকা প্রকাশ করেন।
জানা গেছে, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইমাম হাসান আলাল। এছাড়া কমিটিতে ৫৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ৫৭ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
নবনিযুক্ত সদস্য সচিব ওয়ালিদ শাকিল জানান, চলতি বছরের মে মাসে জেলা ছাত্রদলের সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই সাতজনকে সঙ্গে নিয়ে আরও ১০৮ জনকে যুক্ত করে এবার ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। তবে সংগঠনের স্বার্থে ভবিষ্যতে এই কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত হতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে জেলার একটি পৌরসভা ও পাঁচটি উপজেলায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য ছয়টি শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২০ অক্টোবর জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের স্বাক্ষরে এসব শাখা কমিটি অনুমোদিত হয়। অনুমোদিত শাখাগুলোর মধ্যে রয়েছে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা এবং গোবিন্দগঞ্জ পৌরসভা ছাত্রদল।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, অনুমোদিত শাখা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।