যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নতুন প্রশ্নপত্রে নিয়োগ পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছে তারা।
শনিবার (১০ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। অতীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণিত অভিযোগ থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বিপরীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা স্থগিত করা শ্রেয়তর পদক্ষেপ।
তবে প্রশ্নপত্র ফাঁসকে একটি গর্হিত অপরাধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় পরীক্ষা দিতে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি অনভিপ্রেত। এতে চাকরিপ্রার্থীদের যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। চাকরিপ্রার্থীদের এ ধরনের ক্ষতি ও বিড়ম্বনার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমব্যথী।আমরা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোনো উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।