১০ অক্টোবর ২০২৬, ১৪:৪২

যুব উন্নয়নের পরীক্ষা স্থগিতের পর নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ  © টিডিসি ফটো

যুব উন্নয়ন অধিদপ্ততরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে অংশ নেয়ার কথা ছিল তিন লাখেরও বেশি প্রার্থীর। তবে পৌনে ১১টার দিকে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়।

পরীক্ষা দিতে আসা চাকরিপ্রত্যাশীরা জানান, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে এসে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে তাদের। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়েছেন তারা।

রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী বলেন, ‘আমরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর দেখি যে, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্ন পাওয়ার কথা এবং স্যারদের আসার কথা থাকলেও কেউ আসছিল না, আর আমাদের পরীক্ষার সময় শুধু পার হয়ে যাচ্ছিল। এ নিয়ে সবাই আমরা কনফিউজড ও উদ্বিগ্ন ছিলাম। পরবর্তীতে বেলা ১১টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও, যখন ১১টার সময়ও পরীক্ষা হচ্ছে না, তখন সবাই আমরা রুম থেকে বের হয়ে আসি। এর কিছুক্ষণ পর স্যাররা এসে জানান যে, পরীক্ষা হবে না।’  

আরও দেখুন: ভবিষ্যতে এআই-ভিত্তিক পর্যটন হবে আরও দক্ষ  ও অন্তর্ভুক্তিমূলক: ইবি উপাচার্য

আরেক চাকরি প্রত্যাশী বলেন, ‘পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা পরীক্ষা দেওয়ার আগে থেকেই ফেসবুকে দেখতেছিলাম বিভিন্ন ধরনের প্রশ্ন, যা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্ন বলে ঘুরছিল। দিনশেষে দেখলাম যে ওই প্রশ্নটাই ঘুরছিল। হঠাৎ করে পরীক্ষার আগের মুহূর্তে বা একদিন আগেও আমাদের কিছু জানানো হয়নি। তাছাড়া, অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে আসার কারণে তাদের দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে, কেউ হোটেলে বা আত্মীয়ের বাসায় থেকেছেন। এটি ছাত্র সমাজের জন্য একটি বড় ভোগান্তি।’

তিনি দাবি জানিয়ে বলেন, অন্যান্য পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা সাধারণত দেখা যায় না। কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। এটার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার জন্যই ছাত্র সমাজ আজ এখানে আন্দোলনে নেমেছে।