০৮ অক্টোবর ২০২৬, ১৩:৩৪

ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর স্মারকলিপি ‎

প্রক্টর বরাবর স্মারকলিপি শিক্ষার্থীদের   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ক্লাস চলাকালে নেকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ বলার অভিযোগ উঠেছে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিপিড়ন বিরোধী শিক্ষার্থীরা। 
‎
‎​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তারা এই স্মারকলিপি প্রদান করেন। প্রক্টর বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব শ্রেণিকক্ষে নিকাব পরিহিত একজন শিক্ষার্থীকে মৌলবাদী সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রকাশ্যে হেনস্তা করেছেন। 

গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ব্যক্তিস্বাধীনতা, মর্যাদা ও আইনসঙ্গত পোশাক পরিধানের অধিকার রয়েছে উল্লেখ করে তারা বলেন, কোনো শিক্ষার্থীর পোশাক বা ধর্মীয় পরিচয়ের কারণে তাকে অবমাননাকর ভাষায় আখ্যায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যায়িত করেন তারা।  
‎
‎স্মারকলিপিতে আরও বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে কথিত ‘প্রগতিশীলতা’র আড়ালে এবং ফ্যাসিবাদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে এ ধরনের নিকৃষ্ট আচরণের বহু নজির দেখা গেছে। কিন্তু পরিবর্তিত বাস্তবতায় এখন কার ছত্রছায়ায় তারা এ ধরনের আচরণ করার সাহস পাচ্ছেন সেই প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পরিচয় যাই হোক না কেন, কোনো পক্ষপাত ছাড়াই তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।  
‎
‎​ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, এই বিষয়ে নিরপেক্ষ তদন্তপূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুবিচার নিশ্চিত করে ব্যক্তিস্বাধীনতা, মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্যহীনতার প্রশ্নে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে শিক্ষার্থীরা প্রত্যাশা ব্যক্ত করেন।  
‎
প্রসঙ্গত, গতকাল ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য এবং তাকে শ্রেণিকক্ষে পেছনে বসতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের বাকবিতণ্ডা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান।