বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার টানানোয় ইবি ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা শীর্ষক ব্যানার টানানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শোকজ জারি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক লাইভে এসে বিষয়টি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান নিজেই।
নোটিশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্যাম্পাসের অভ্যন্তরে ঝাল চত্বরে গাছের সাথে জাতীয় ছাত্রশক্তি নাম সংযুক্ত একটি ব্যানার টানানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। আপনার এহেন কর্মকাণ্ডে ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করার দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো।
ছাত্রশক্তির আহবায়ক ফুয়াদ হাসান বলেন, কিছুক্ষণ আগে ব্যানারটি আবারও ছিঁড়ে ফেলা হইছে। ব্যানারটি ছিঁড়ে ফেলে একটি শোকজ নোটিশ আমাদেরকে পাঠিয়েছে প্রক্টর অফিস থেকে। এখন হয়তো আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। তো জানি না আমাদের বিরুদ্ধে কি নিবে বা কি করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করতে পারে।
তিনি বলেন, আজকে এই সরকার, এ প্রশাসন পুরোটাই স্বৈরাচার হয়ে গেছে। আমাদের সকল যে রক্ত, শহীদদের রক্ত, সেটি বৃথা চলে গেছে, এইটুকুই আমরা বলব। আমরা সরকারের সমালোচনা করে একটি ব্যানার লাগাইতে পারলাম না। এটার জন্য আজকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এই বিচার আমি কার কাছে দিব জানি না। বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজের কাছে আমি এই বিচারটি দিলাম।"
এর আগে, গতকাল দুপুরে ক্যাম্পাসের ঝাল চত্বরে বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক একটি ব্যানার লাগায় ছাত্রশক্তির নেতারা। পরবর্তীতে ক্যাম্পাস সময় শেষ হওয়ার পর ব্যানারটি অপসারণ করে প্রশাসন। সন্ধার পরে শাখা ছাত্র ক্তির আহবায়ক ফুয়াদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিলে ব্যানার অপসারণের বিষয়টি নজরে আসে। পরবর্তীতে আজ দুপুরে আবারও সেই ব্যানার টানায় ছাত্রশক্তির নেতারা। এর প্রতিক্রিয়ায় ছাত্রশক্তির আহবায়কের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে প্রক্টর অফিস।
গতকাল এ বিষয়ে জানতে চাইলে ইবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রশাসনের নির্দেশনায় এটা প্রক্টর অফিস থেকে খুলে নেওয়া হয়েছে। আপনি প্রক্টর স্যারের সাথে কথা বলেন। তবে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান কে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।