আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা নাহিদ
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এক অসহায় শিক্ষার্থীর অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণে সহায়তা করেছেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ। আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থী পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়ান ছাত্রদলের এই নেতা।
জানা গেছে, ওই শিক্ষার্থী স্নাতক দ্বিতীয় বর্ষ শেষ করে নিয়মিতভাবে তৃতীয় বর্ষে উঠেন। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ফরম পূরণ ও প্রয়োজনীয় খরচ জোগাড় করতে না পারায় তার পরীক্ষায় অংশ নেওয়াও প্রায় অনিশ্চিত হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ ওই শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে অর্থসহায়তা করেন। শুধু ফরম পূরণে সহায়তা নয়, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, বিভাগে যোগাযোগসহ পুরো কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। তার সহযোগিতায় ওই শিক্ষার্থীর অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ নিশ্চিত হয়।
এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সৈয়দ নাহিদ বলেন, ‘অর্থাভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের শক্তি হবে, ভরসা হবে।’
সহায়তা পাওয়া ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আর্থিক সংকটের কারণে পরীক্ষার ফরম পূরণ করতে পারছিলাম না। কী করব ভেবে না পেয়ে ছাত্রদলের নাহিদ ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করি। এরপর অনলাইন ফি থেকে শুরু করে সরাসরি সব কার্যক্রম করে দিয়েছেন।’