আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনের কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন, যা প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে তুলে ধরেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক ধরে স্বাধীনতা চত্বরকে প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার,ভিসি স্যার,সায়েম স্যার,সায়েম স্যার','মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, ‘আমরা প্রায় ৭ থেকে ৮ দিন যাবত চুয়েটে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে, প্রশাসনের কাছ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। এর প্রতিবাদে আমরা আজ দুপুরে কালো কাপড় চোখে বেঁধে প্রশাসনের এ নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।’