অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব্দুল কাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার ঘোষক ও ছাত্রনেতা আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন-সংগ্রাম আর জীবনের বিনিময়ে ক্ষমতায় আসার সুযোগ পেয়ে বিএনপি সরকার একের পর এক চাকরিপ্রার্থী আর শিক্ষার্থী বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। অন্তত শিক্ষার্থীদের সাথে বিএনপি সরকারের এমন বেইমানী চিন্তাতীত।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি লিখেছেন, ‘ক্ষমতায় এসেই তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশ ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পাঁয়তারা করেছে। প্ল্যান অনুযায়ী তারপরে তারা আসল সিদ্ধান্ত নিল, সরকারি চাকরিতে ভাইভার নাম্বার ৪০০ পারসেন্ট বাড়াবে। এই সিদ্ধান্তের ফলাফল কেমন হবে, সেটা বিএনপির সাংসদ ফজলুর রহমান রাখঢাক না রেখেই প্রকাশ করেছেন। লিখিত পরীক্ষায় পাশ করেই তার কাছে এডমিট কার্ড নিয়ে যেতে বলেছেন, যেখানে ফোন করার সেখানে ফোন করেই তিনি চাকরি পাইয়ে দিবেন।’
গতবছর বিএনপির আরেক সাংসদও খোলমেলাভাবে মিডিয়ার সামনে নেতাকর্মীদের এমন আশ্বাস দিয়েছেন উল্লেখ করে আব্দুল কাদের আরও লিখেছেন, ‘এখন আবার ভেরিফিকেশনের নামে বিরোধী দল-মতকে চাকরি থেকে বঞ্চিত করার প্ল্যান হাতে নিয়েছে সরকার। অথচ এমন অন্যায়ের বিরুদ্ধেই অভ্যুত্থান হয়েছিল; মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ার কথা ছিল। প্রাইমারির শিক্ষক নিয়োগের মতো জায়গায়ও এমন রাজনৈতিক বিবেচনা অশনিসংকেত। সরাসরি এমন শিক্ষার্থী বিরোধী কর্মপরিকল্পনা আর প্রতারণার খেসারত বিএনপি সরকারকে দিতে হবে এবং সেটা চড়া মূল্যেই।’