খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া দুটি বাসে তার নাম পুনঃস্থাপনের দাবিতে চবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চবি ছাত্রদলের সহসভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়া দুটি বাস উপহার দেন। বাস দুটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সহযোগিতায় বাস দুটি থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, একজন দাতার দেওয়া উপহারে তার নাম মুছে ফেলা শুধু রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং তার অবদানের প্রতি অসম্মান। দেশনেত্রীর স্মৃতি সংরক্ষণ ও ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে উপহার দেওয়া বাস দুটিতে তার নাম আবার লেখার দাবি জানানো হয়।
এ বিষয়ে কে ইসলাম ফাহিম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলা শুধু রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং মহৎ দানের অপমানের সমতুল্য। দেশনেত্রীর স্মৃতি রক্ষার্থে এবং ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে উপহারকৃত বাসে তাঁর নাম পুনরায় লেখা সময়ের দাবি।’
স্মারকলিপি প্রদানকালে চবি ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান জয়, ছাত্রদল নেতা মো. রবিন, সহসাধারণ সম্পাদক ইখুয়ান হোসেন আশিক, সহসাধারণ সম্পাদক মাশরাফি আমিন তায়েফ, সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম তানসেন, ছাত্রদল নেতা উজায়ের, শাওন, রুম্মান আলম খান রাতুল, ইয়াছিন আরাফাত, মো. নুর হাবিব লুসানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।