১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের দাবি ছাত্রদলের

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। 

স্মারকলিপিতে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন এবং লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে গত ৪ আগস্ট উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্যাম্পাসের প্রতি ১৫০ থেকে ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অন্তত একটি ডাস্টবিন স্থাপন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনে মাসে অন্তত দুবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়েছে, এসব কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ক্ষেত্রে স্বেচ্ছাসেবার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ছাত্রদল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।