জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র ইউনিয়নের
বর্তমান ১০তম চলমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে (জাকসু) ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর মেয়াদ শেষ হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ। একই সঙ্গে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে দ্রুত ১১তম জাকসু নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর দশম নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রশাসনের অনিয়ম, অব্যবস্থাপনা ও নিরপেক্ষতার অভাবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেছে ছাত্র ইউনিয়ন।
সংগঠনটির অভিযোগ, নির্বাচন আয়োজনের তারিখ পরিবর্তন, ভোটার তালিকা প্রণয়নে বিতর্কিত সিদ্ধান্ত, প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য এবং নির্বাচনী ব্যয়ে অসংগতিসহ বিভিন্ন অনিয়ম হয়েছে। নির্বাচনের দিন কারচুপির অভিযোগে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং দুই নির্বাচন কমিশনার সরে দাঁড়ান বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
গত এক বছরে জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকার সমালোচনা করে ছাত্র ইউনিয়ন দাবি করেছে, শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষা, সংস্কৃতি ও সহাবস্থানের পরিবেশ ব্যাহত হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
ছাত্র ইউনিয়ন বলছে, শিক্ষার্থীরা বিতর্কিত নির্বাচন নয়, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তাই দ্রুত ১১তম জাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কমিটি গঠন, ভোটার তালিকা প্রণয়ন, প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি এবং নির্বাচনী ব্যয়ের ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে তারা।