১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান

পিটিআই অডিটোরিয়ামে ‘এ+ সংবর্ধনা  © টিডিসি ছবি

গাজীপুর মহানগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও এ+ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ দিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহানগরের পিটিআই অডিটোরিয়ামে ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মহানগর সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।

বিশেষ অতিথি ছিলেন তুরস্কের তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ বা এ+ অর্জন জীবনের চূড়ান্ত সাফল্য নয়; বরং এটি নতুন অধ্যায়ের সূচনা। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। মেধার সার্থকতা তখনই, যখন তা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধান আলোচক সালাহউদ্দিন আইউবী বলেন, এ+ অর্জন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এই সাফল্য ধরে রাখতে শিক্ষাজীবনে আরও পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ড. হাফিজুর রহমান বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পরিসরের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। মেধার পাশাপাশি আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এস এম ফরহাদ শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না রেখে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে জিপিএ-৫ ও এ+ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।