০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৬

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © সংগৃহীত

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাহাদুর শাহ পার্ক পপ্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা সরকারি চাকরির নিয়োগ বিধিমালায় প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় তদবির ও পক্ষপাতের সুযোগ বাড়তে পারে। এ কারণে তারা মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

মিছিল চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল—‘ভাইবা কোটার ঠাঁই নাই’, 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই' ‘তদবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভাইবা মার্কের খবর দে’ এবং ‘মেধাবীদের কান্না, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান।

উল্লেখ্য, ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর মাধ্যমে নিয়োগ বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই জবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এর আগে মঙ্গলবার সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেন, নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্য বজায় রেখে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।