বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা নিশ্চিতের দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তি। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের কাছে এ দাবি জানায় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দীন, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য তারেক জাহান জয় ও মিসনো আল আসনাওয়ী, মিডিয়া সেল সম্পাদক রাজু আহমেদ জীবন, ক্রীড়া সেল সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সেলের সদস্য রাফিদ জাবির অর্ণব, ক্রীড়া সেলের সদস্য মেহেরাব হোসেন মাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার সুযোগ সম্প্রসারণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আবাসিক হলের নির্ধারিত প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং মব জাস্টিস বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের আইন ও নীতিমালা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আমরা দেখতে পাই, এক পক্ষ দেশীয় অস্ত্র সহ বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসে মহড়া দেয় এবং অন্য পক্ষ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাঠি সোঁটা নিয়ে অবস্থান করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। তাদের এই সংঘর্ষের মধ্যে পিষ্ঠ হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়নি। গতকালকের এই ঘটনার মধ্য দিয়ে ছাত্রলীগের পূর্বের রাজনীতির যেই কালচার তা ফিরে আসল।
তিনি আরও বলেন, এই ঘটনাকে কাজে লাগিয়ে গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি দিয়েছে। দুই পক্ষের মারামারির এই সুযোগকে তারা ভালোভাবে কাজে লাগিয়েছে। যারা এই মব কালচারের সাথে জড়িত এবং দেশীয় অস্ত্রশস্ত্র ও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।