রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা এক মামলায় ৬ আসামিকে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিদের একজন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত গেন্ডারিয়া থানা শাখার নেতা। তার নাম তুষার আহমেদ রাজ।
তিনি শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর আসামিরা হলেন- মো. সজীব, মো. হিমু, মো. জয়, মো. টুটুল, ও মো. ইমরান।
আজ সোমবার (২৪ আগস্ট) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন, তদন্ত কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তির কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাসে আসা ড্রাইভারসহ ৫ জনকে তল্লাশি করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায় গেন্ডারিয়ার করাতিটোলার একটি বাসায় অবৈধ মাদকদ্রব্য রয়েছে।
আসামিদের দেখানো মতে ওই বাসা তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ব্রাজিলে তৈরি একটি Taurus 9mm পিস্তল এবং ‘Made in USA’ লেখা দুটি পিস্তল রয়েছে। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশের দাবি, আসামিরা বৈধ লাইসেন্স ছাড়া এসব আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের কাছে রাখার সঙ্গে জড়িত। অস্ত্রগুলোর উৎস, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং কী উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহাবুদ্দিন সিকদার শাকিলকে সভাপতি ও সাজ্জাদ হোসেন লিওনকে সাধারণ সম্পাদক করা হয়। আংশিক এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তুষার আহমেদ রাজ।