২৩ আগস্ট ২০২৬, ১০:০০

ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

সিবিএমসিবি শাখা ছাত্রদল নেতা মাহির ইবন   © সংগৃহীত

ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশে (সিবিএমসিবি) অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহির ইবনের হোস্টেলের বরাদ্দকৃত সিট সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমতি ছাড়া হোস্টেল প্রাঙ্গণে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে বহিরাগতদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট কলেজের ৩১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিবিএমসিবি ডে’ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল সভাপতি মাহির ইবনের নেতৃত্বে একদল বহিরাগত ওই ঘটনায় জড়িত ছিল। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মাহিরকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করেন। একই সঙ্গে তাঁর উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তাঁরা।

পরে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোর্শেদ আলমের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহির ইবনের বরাদ্দকৃত হোস্টেল সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে হোস্টেলে তাঁর প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে মাহির ইবন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে বহিরাগতদের আগমন ঘটেছিল এবং অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার সঙ্গে তাঁকে অযথা জড়ানো হচ্ছে। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রসঙ্গকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ ও শিক্ষার্থীদের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এদিকে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোর্শেদ আলম জানান, পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপাতত মাহিরকে কলেজ হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।