১১ আগস্ট ২০২৬, ১২:৫১

এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগসহ ৩ দাবিতে নবম শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ

শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ   © সংগৃহীত

এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নবম শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষক নিয়োগ প্রত্যাশী ছাত্রছাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটি প্রথা বাতিল করে এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রত্যাশীদের জন্য দ্রুত নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান তারা।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. কমিটি নয়, এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, 
২. আগামী এক সপ্তাহের মধ্যে নবম শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করা এবং 
৩. এনটিআরসিএ অক্ষম হলে নিয়োগের দায়িত্ব পিএসসির কাছে হস্তান্তর করে পিএসসির মাধ্যমে দ্রুত নিয়োগ সম্পন্ন করা।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে শিক্ষক নিয়োগে কমিটি প্রথার বিরোধিতা এবং এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগের দাবি উঠে আসে।

এ সময় তারা বলেন, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘সারা বাংলায় খবর দে, কমিটির কবর দে’, ‘ঘুষের নিয়োগ রুখতে হবে, এনটিআরসিএ’তেই ফিরতে হবে’, ‘কমিটি না এনটিআরসিএ’, ‘ছাত্র জনতা এক হও, কমিটি বাণিজ্য রুখে দাও’ এবং ‘কমিটি প্রথার কবর দে, এক সপ্তাহের মধ্যে সার্কুলার দে’।

আন্দোলনকারীরা বলেন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে কমিটি প্রথার পরিবর্তে কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ দিতে হবে। তাদের দাবি, এতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হবে এবং নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের সুযোগ কমবে।

তারা আরও বলেন, নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির জন্য বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী অপেক্ষা করছেন। তাই আর সময়ক্ষেপণ না করে আগামী এক সপ্তাহের মধ্যে সার্কুলার প্রকাশ করে নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে। এনটিআরসিএ’র মাধ্যমে দ্রুত নিয়োগ সম্ভব না হলে পিএসসির কাছে দায়িত্ব হস্তান্তর করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও জানান তারা।