১০ আগস্ট ২০২৬, ২০:১২

নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা

নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা  © সংগৃহীত

নিরাপদ, পরিচ্ছন্ন ও জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। পরে টিএসসির সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। বৈরী আবহাওয়ার কারণে ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য ঘুরে টিএসসির সড়কদ্বীপে শোভাযাত্রাটি শেষ  হয়। 

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ‘নিরাপদ, পরিচ্ছন্ন এবং জ্ঞানচর্চার ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আমরা এই শোভাযাত্রা করেছি।’ তিনি বলেন, ক্যাম্পাসে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, গণতন্ত্র, জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ গড়ে তুলতে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। প্রাণ-প্রকৃতি ও ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে টিম ওয়ার্ক পরিচালনা করা হয়েছে। 

ক্যাম্পাসসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার জন্য প্লাস্টিক বর্জ্য ও যত্রতত্র ময়লা ফেলার প্রবণতাকে দায়ী করে তিনি বলেন, ব্যবহারের পর প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক পণ্য যেখানে-সেখানে ফেলে দেওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রিন্স বলেন, ‘আমাদের নিজেদের ক্যাম্পাস আমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।’ একই সঙ্গে নিজ-নিজ অবস্থান থেকে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ক্যাম্পাস থেকেই সচেতনতা তৈরি করতে হবে। এ সময় তিনি দলটির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আনন্দময়, উৎপাদনমুখী, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

পরে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা ও সৌহার্দ্য নিশ্চিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।