শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে ডাকসুসহ বিভিন্ন সংগঠন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন ছাত্রসংগঠন। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে।
ডাকসু জানিয়েছে, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তকে তারা অযৌক্তিক মনে করছে। সিদ্ধান্তটি অবিলম্বে বাতিলের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টায় ডাকসুর সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এনটিআরসিএ থেকে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আরেকটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ কর্মসূচিও সোমবার সন্ধ্যা ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাতিলের দাবি জানানো হয়েছে।
একই ইস্যুতে পৃথক কর্মসূচি ঘোষণা করায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।