জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জাদুঘর অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘তারেক রহমান, তারেক রহমান’, ‘গণভবন সাক্ষী হলো, স্বৈরাচার পালিয়ে গেল’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘৫ তারিখ সারাদিন, স্বৈরাচারের পতনের দিন’সহ বিভিন্ন স্লোগান দেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ বিভিন্ন ক্যাম্পাসের নেতাকর্মীরা প্রথমে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা মিছিল নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের দিকে রওনা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা বলেন, ‘আজ ৫ আগস্ট, হাসিনার পতনের দিন। এ দিনে আমরা শপথ নিতে চাই—তারেক রহমান যে বাংলাদেশ গড়তে যাচ্ছেন, সেখানে আমরা সহযোগিতা করতে চাই।’