০৫ আগস্ট ২০২৬, ০১:২৯

এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ছাত্রদল-শিবিরের লোগো   © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গ্রাফিক্স আর্টস কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) মোহাম্মদপুর থানার সামনে গ্রাফিক্স আর্টস কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাস ও এর আশপাশে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের জের রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজ এলাকা, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসা এলাকায়ও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে গ্রাফিক্স আর্টস কলেজের পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ রয়েছে।