০৪ আগস্ট ২০২৬, ১৩:০৮

সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

সারা দেশে সমকামিতার ও শাখা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশারের নেতৃত্বে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বর (গোলচত্বর) থেকে শুরু হয়ে মূল ফটকে গিয়ে শেষ হয়েছে।

কুবি ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলের সিট বরাদ্দ নিয়ে ছাত্রশিবিরের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সমকামিতাসংক্রান্ত যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, সেসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো ‘গণরুম’ ব্যবস্থা নেই। গণরুমের অস্তিত্ব রয়েছে—এমন দাবি করে শাখা ছাত্রশিবির যে প্রচারণা চালিয়েছে, তা বিভ্রান্তিকর এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, বাস্তবতা হলো, ২০২৪-পরবর্তী সময়ে আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একটি কক্ষে ১৫-১৬ জন পর্যন্ত শিক্ষার্থীকে অবস্থান করতে হয়েছে। এ বাস্তবতা উপেক্ষা করে কিংবা আংশিক তথ্য উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো কোনো দায়িত্বশীল ছাত্রসংগঠনের আচরণ হতে পারে না। আমরা মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের রাজনীতি পরিহারের আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সত্য, তথ্য ও প্রমাণভিত্তিক বক্তব্য উপস্থাপন করাই দায়িত্বশীলতার পরিচয়। বারবার বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তার মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করবেন।