‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে সারা দেশে ছাত্রদল নেতা রাজুর ব্যতিক্রমী প্রচারণা
মাথায় ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ ক্যাপ আর মুখে মুখে দেশপ্রেমের বার্তা—এভাবেই এক ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ। প্রথাগত মিটিং-মিছিল কিংবা পাল্টাপাল্টি বক্তব্যের বাইরে গিয়ে সংগঠনটির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা ক্যাপ পৌঁছে দিয়েছেন তিনি। সম্প্রতি সারা দেশের জেলা মর্যাদার ইউনিটের নেতাকর্মীদের মাঝে এই ক্যাপ পৌঁছে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজু আহামেদ। তার এই উদ্যোগ নজর কাড়ছে সংগঠনটির ভেতরে ও বাইরে।
জানা গেছে, গত বছরের ২৮ মে তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি নতুন স্লোগান দিয়েছিলেন। সেদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ-সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানটি ছুঁড়ে দেন।
এ সময় তারেক রহমান দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন এবং দলের নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই-বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলব, মন দিয়ে শুনবেন। এরপর দ্বিতীয়বার আবার বলব, তখন আপনারা সকলে আমার সঙ্গে একসঙ্গে বলবেন।’
এরপর তিনি স্লোগানটি উচ্চারণ করেছিলেন- ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’ তারেক রহমান আরও বলেছিলেন, ‘প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’
বিএনপির এই কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ-তরুণী, দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নিয়েছিলেন। পরে ওই স্লোগানটি তারেক রহমান ও তার দলের নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলে আসছেন। এমনকি স্যোশাল মিডিয়া কোনো লেখার শেষে কিংবা হ্যাশ ট্যাগে এটি ব্যবহার করতেও দেখা যায়।
ওই বছরের শেষে দিকে তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরেন। এরপর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়।
এদিকে, সম্প্রতি এই স্লোগান লেখা সংবলিত ক্যাপ পৌঁছে দিয়েছেন সারা দেশের জেলা মর্যাদার ইউনিটের নেতাকর্মীদের মাঝে। ক্যাপ এই স্লোগানের পাশাপাশি ছাত্রদলের লোগোও যুক্ত করা হয়েছে। সাদা রঙের এই ক্যাপে আমাদের গৌরবের প্রতীক লাল সবুজের পতাকার আদলের রঙের লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা এই ক্যাপ পেয়ে দেশের রাজনীতিতে এক ধরনের ইতিবাচক বার্তার কথা বলছেন।
তারা জানান, এ ধরনের ব্যতিক্রমী প্রচারণা রাজনীতিতে একধরনের রাজনীতিতে এক ধরনের ইতিবাচক বার্তা নিয়ে আসে । পাশাপাশি তৃণমূল ছাত্রদলের নেতৃবৃন্দের মাঝে নতুন উদ্দীপনাও সৃষ্টি করেছে। চিরাচরিত ধারার বাইরে গিয়ে এমন উদ্যোগ বেশ প্রশংসনীয় বলছে দলীয় তৃণমূল নেতৃবৃন্দ।
জানতে চাইলে ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর লোগো ও আমাদের প্রাণের স্লোগান "সবার আগে বাংলাদেশ" সংবলিত এই ক্যাপ একটি ব্যতিক্রমী উদ্যোগ । ভালোবাসার এই ক্যাপ উপহার দেওয়ার জন্য রাজু ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, সবার আগে বাংলাদেশ লোগো সংবলিত ক্যাপ উপহার দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ তৃণমূল ছাত্রদলের নেতৃবৃন্দের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ জন্য রাজু আহমেদ ভাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা রাজু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে আমাদের একটাই বড় পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের স্লোগান এটাকে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা বুকে ধারণ করে একটি বৈষম্যহীন দেশ গঠনে এগিয়ে আসুক তারা।
তিনি বলেন, দেশে নানা নানা সংকট থাকবে। এই সংকটে ঐক্যবতদ্ধ থাকনে নেতাকর্মী ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান উজ্জীবিত বলেও মনে করি।