২৭ জুলাই ২০২৬, ১০:৫৬

বাঁচানো গেল না ছাত্রদলের সাবেক নেতা রুবেলকে

নিহত ছাত্রদল নেতা চৌধুরী রুবেল  © সংগৃহীত

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা চৌধুরী রুবেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন রুবেল।

নিহত চৌধুরী রুবেল (৩০) লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ফারুক হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় রুবেল একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দ্রুতগতির একটি ডাম্পট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে রুবেলের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

রুবেলের মৃত্যুর বিষয়টি তার ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না।

তিনি বলেন, ‘সাবেক ছাত্রদল নেতা রুবেল ডাম্পট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।’

আকবর হোসেন মুন্না আরও বলেন, ‘এই নিয়ন্ত্রণহীন ঘাতক ডাম্পট্রাক আর কত তাজা প্রাণ কেড়ে নেবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।