২৩ জুলাই ২০২৬, ২২:৪৫

তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন ছাত্রদল নেতার

হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন  © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে একটি ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে। বুধবার কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে এটি স্থাপন করা হয়।

জানা গেছে, শহীদ মামুন হল মসজিদে প্রতিদিন আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী নামাজ আদায় করেন। মুসল্লিদের নামাজের ওয়াক্ত ও জামাতের সময় সহজে জানার সুবিধার্থে মসজিদ প্রাঙ্গণে আধুনিক ডিজিটাল ঘড়িটি স্থাপন করা হয়েছে।

মসজিদে নিয়মিত নামাজ আদায়কারীরা জানান, ডিজিটাল ঘড়ি স্থাপনের ফলে ওয়াক্ত ও জামাতের সময় সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে, যা মুসল্লিদের জন্য সুবিধাজনক হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মসজিদ কমিটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপকারে আসে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। শহীদ মামুন হল মসজিদে নামাজ আদায় করতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা যেন সহজেই নামাজের ওয়াক্ত ও জামাতের সময় জানতে পারেন, সে চিন্তা থেকেই এই ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।