ইবির তালাবায়ে আরাবিয়ার নতুন সভাপতি শামীম, সম্পাদক আরিফ
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম শামীম ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী খন্দকার মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় কুষ্টিয়ার শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে ইবি শাখার ২০২৬ সেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে নতুন কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য বলা হয়েছে।
কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সায়েম, আনোয়ার হোসেন ও সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাজ্জাতুল্লাহ শেখ ও সহসভাপতি সাইফুল ইসলাম আলিফসহ অন্য নেতারা।
নবনির্বাচিত সভাপতি এস এম শামীম বলেন, ‘তালাবার সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৭ বছ ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব বিশেষ করে ইবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাব। সাধারণ সম্পাদক খন্দকার আরিফ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সর্বোপরি চেষ্টা করে যাব আমরা। বরাবরের মতো ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের কল্যাণ কাজ করে যাব।’