‘রাজপথে নামলে জবাব দিতে প্রস্তুত ছাত্রদল’- এমন কথা বলেননি রাকিব
শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলনকে দমাতে ছাত্রদল সভাপতির হুমকি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই অপপ্রচারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পরিকল্পিত অসুস্থ রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ফেসবুকে ছাত্রদল সভাপতি বলেন, ‘গতকাল সারাদিন কক্সবাজারে বন্যাকবলিত অসহায়দের মাঝে এবং আজ সকাল থেকে ঢাবি (ঢাকা বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে সময় অতিবাহিত করলাম। ছাত্রদলের সভাপতি হিসেবে আমার বক্তব্যগুলো সবসময়ই রেকর্ডের থাকে। কিছু ক্ষেত্রে ভেরিফাইড ফেসবুক পেইজেও আমার প্রতিক্রিয়া ব্যক্ত করি।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অথচ গতকাল সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেই আমার নামে এ ধরনের ভুয়া ফটোকার্ড ছাপিয়ে মোনাফেক গুপ্তরা প্রচার করে দিল। মোনাফেকরা এর আগেও এ ধরনের অসংখ্য ভুয়া ফটোকার্ড ছাপিয়েছে, কিছুক্ষেত্রে আইনের আশ্রয়ও নিয়েছি। কিন্তু মোনাফেক গুপ্তরা থেমে নেই।’
সাধারণ শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাকিব প্রশ্ন তোলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিকট আমার প্রশ্ন হল, কোন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কি মাসের পর মাস, বছরের পর বছর ধারাবাহিকভাবে এ ধরনের ভুয়া, নোংরা, অশ্লীল ফটোকার্ড ছাপানো সম্ভব? একটি নির্দিষ্ট গোষ্ঠীই প্রতিনিয়ত ইসলামের লেবাসে রাজনীতির নামে এ ধরনের অসুস্থ রাজনীতি চর্চায় ব্যস্ত। কথায় আছে, শয়তান কখনও ক্লান্ত হয় না। সেজন্য সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি।’
ছাত্রদল সভাপতির অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির শীর্ষ নেতৃত্বের নামে এমন বিভ্রান্তিকর ও বানোয়াট ফটোকার্ড তৈরি করে ছড়াচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের প্রোপাগান্ডায় কান না দিয়ে সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছেন তারা।