১৪ জুলাই ২০২৬, ১৪:২৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রামে এইচএসসি শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি

দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত এবং বিশেষ মূল্যায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রাম। আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কুড়িগ্রাম সরকারি কলেজের এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। এ সময় তাদের মুখে ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, এবং ‘তুমি কে? আমি কে? ফার্মের মুরগী, ফার্মের মুরগী!’—এমন সব ব্যঙ্গাত্মক ও ক্ষোভমিশ্রিত স্লোগান শোনা যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী চরম সংকটে পড়েছেন। এই অবস্থায় অবিলম্বে পরীক্ষা স্থগিত করা জরুরি। শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে।

পরীক্ষা স্থগিতকরণ দুর্যোগজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে চলমান বা আসন্ন পরীক্ষা অবিলম্বে স্থগিত করতে হবে।

গ্রেডিং পাস মূল্যায়ন দুর্যোগকবলিত এলাকার পরীক্ষার্থীদের বিশেষ বিবেচনায় ‘গ্রেডিং পাস’ দিয়ে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

পাস মার্কের বিকল্প নিয়ম যেকোনো দুটি সাবজেক্টের (প্রথম ও দ্বিতীয় পত্র মিলে) প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে পাস করিয়ে দিতে হবে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।