এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে: হামিম
এইচএসসি শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন উসকাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক জিএস প্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে হামিম লিখেন, এইচএসসি শিক্ষার্থী ছোট ভাইবোনদের বলব- কাল থেকে দেখছি তোমাদেরকে একদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজন বিভিন্নভাবে উসকাচ্ছে মিছিল-মিটিংয়ের জন্য। কারো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। গতকালকে পরীক্ষাটি দুর্যোগের মধ্যে নেয়া উচিত হয়নি এটা যেমন সত্য, একইভাবে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সকল পরীক্ষার্থী তাদের পরীক্ষা সম্পন্ন করেছেন এটাও সত্য।
তিনি লিখেন, সুযোগ পেলেই এখনও যারা গত ১.৫ বছর রাস্তা অবরোধ্ করেছে আজকেও তারাই উস্কে দিয়ে রাজনৈতিক ফয়দা লুটতে চায়। সুতরাং, বড়ভাই হিসেবে অনুরোধ থাকবে- তোমাদের সাথে অন্যায় হলে তার প্রতিবাদ আমি করবই। একইভাবে তোমাদেরকে যেন কেও অন্যায়ে যুক্ত করতে না পারে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এটিও খেয়াল রাখবে। সকলে সুন্দর প্রস্তুতি নিয়ে এইচএসসি বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করার অনুরোধ রইল।
প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে।