১৩ জুলাই ২০২৬, ২০:৪১

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক 

ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালীতে মফিজুর রহমান আশিক।  © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা মফিজুর রহমান আশিক।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত ও বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। 

এ সময় তিনি বলেন, 'সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বাঁশখালীতে বর্তমানে ভয়াবহ বন্যায় এখনো লক্ষাধিক পানিবন্দি রয়েছে। আমরা বাঁশখালীতে তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করতেছি। বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমাদের দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।'

তিনি আরও বলেন, 'সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।'

ত্রাণসামগ্রী বিতরণকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল হক, যুগ্ম সম্পাদক এসএম আশেক উল্লাহ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।