১০ জুলাই ২০২৬, ২১:২৪

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

সোহাগ আহমেদ  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন শিবির নেতা সোহাগ আহমেদ। 

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাকাডেমিকের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। 

সোহাগ আহমেদের শিক্ষাজীবনের পথচলা শুরু হয় সাধারণ পারিবারিক পরিবেশ থেকে। পরিবারে উচ্চশিক্ষিত কেউ না থাকায় পড়াশোনার ক্ষেত্রে শুরুতে প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাব ছিল। তবে বাবা-মায়ের অনুপ্রেরণার পাশাপাশি ছাত্রশিবিরের নানা কার্যক্রম, প্রশিক্ষণ, সেমিনার ও সিনিয়রদের পরামর্শ তার শিক্ষাজীবনকে নতুন দিশা দেয় বলে জানান ছাত্রশিবিরের এই নেতা। 

সোহাগ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে  বলেন, ‘ ২০১৬ সালে স্কুলজীবনে থাকাকালীন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হই। আমার বাবা-মা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষিত ছিলেন না। ফলে পড়াশোনার বিষয়ে গাইড করার মতো কাউকে পাইনি। সংগঠনের বড় ভাইয়েরা আমাকে ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখিয়েছেন, লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছেন এবং বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। এসব অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে।’

তিনি বলেন, ‘২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিকে যেমন অ্যাকাডেমিক চাপ ছিল, অন্যদিকে সাংগঠনিক দায়িত্বও পালন করতে হয়েছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আপাতত দেশে যোগ্যতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো কর্মসংস্থানের সুযোগ খুঁজছি। পাশাপাশি উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে বিদেশে যাওয়ারও ইচ্ছা রয়েছে। তবে যেখানেই থাকি না কেন, নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।’