বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫০০ অসহায় ও দুর্গত পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নাছির উদ্দিন শাওন নিজেই বাঁশখালী উপজেলার সন্তান।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, বিশুদ্ধ পানীয় পানি, স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের হাতে এসব সহায়তা পৌঁছে দেন।
মো. নাছির উদ্দিন শাওন বলেন, বাঁশখালী উপজেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঘরবাড়ি এবং ২১২টি গ্রামের অধিকাংশই বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে আমরা বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।
তিনি আরও বলেন, শুকনো খাবার বিতরণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।