ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার (৩ জুলিই) বিকেল ৪টায় রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বনানী কাকলি মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অবিস্মরণীয় ভূমিকা ছিল, তারা দেশকে আন্দোলনের মাধ্যমে রক্ষা করেছেন, তাদের এই ভূমিকা কে অবিস্মরণীয়ভাবে স্মরণ রাখতে চায়। প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার উপর থেকে যে ভ্যাট হ্রাস করেছেন সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা-উন্নয়নে গৃহীত এ ধরনের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও আরও শিক্ষার্থী-বান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানান।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শিক্ষা-বান্ধব এ সিদ্ধান্তে তারা অত্যন্ত আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও যুগোপযোগী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হবে—এটাই দেশের শিক্ষার্থীদের প্রত্যাশা। তিনি প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবি তুলেন।