০২ জুলাই ২০২৬, ১৬:৫১

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, একনজরে দেখে নিন

ছাত্রদল  © লোগো

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাসব্যাপী কর্মসূচির মধ্যে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে
১ জুলাই 
প্রথম প্রহরে  ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। (প্রোগ্রামটি ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে)

১৫ জুলাই 
ছাত্রদলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৬ জুলাই 
চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

একইদিনে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।

১৮ জুলাই 
'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২০ জুলাই 
গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

২১ জুলাই 
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলির ওপর লাইভ পারফরম্যান্স 'প্রতীকী জুলাই' অনুষ্ঠিত হবে।

একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।

২২ জুলাই 
জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

২৪ ও ২৫ জুলাই
জুলাই-আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিট নেতৃবৃন্দ সকল শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

৩ আগস্ট
ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।