২৫ জুন ২০২৬, ১২:৩২

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খালিদ

ইব্রাহীম হোসেন রনি ও হাবিবউল্লাহ খালিদ  © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য আংশিক সেটআপ সম্পন্ন হয়েছে। এতে শাখা সভাপতি হিসেবে ইব্রাহীম হোসেন রনি বহাল রয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালিদ।

মঙ্গলবার (২৪ জুন) শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সমাবেশে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য ইব্রাহীম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে বহাল ঘোষণা করেন। একই সঙ্গে শাখা সেক্রেটারি মনোনয়নের লক্ষ্যে সদস্যদের পরামর্শ আহ্বান করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি হাবিবউল্লাহ খালিদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

সমাবেশে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।