চবিতে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা
সম্প্রতি দেশে দুটি চলমান ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় উভয় সংগঠনের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। রবিবার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে উভয় সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুম ও অপহরণের নাটক সাজানোর অভিযোগে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের 'জিয়ার সৈনিক এক হও, লড়াই কর', 'ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'বাহ, শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার', 'ধর্ষকের নাটক করে যারা, দেশবিরোধী তারা' সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অন্যদিকে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করার অভিযোগ বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রশিবির। এ সময় ‘হিজাব নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘মনিরের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘মনির তুই ধিক্কার, হিজাব নারীর অধিকার’, ‘বিএনপি-ছাত্রদল ধর্ষক, ধর্ষক’, ‘গদি হবে খানখান, হিজাব নিয়ে দিলে টান’, ‘ধর্ষণ আর করিস না, পিঠের চামড়া রাখব না’, ইত্যাদি স্লোগান দেয় নেতাকর্মীরা।
মিছিল শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ৭১-এ তারা ধর্ষকের ভূমিকায় ছিল, আর আজ ২০২৬-এও সেই একই চরিত্রে অবতীর্ণ হয়েছে। আমরা এই অপসংস্কৃতি ও অপরাধের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। আমরা সহাবস্থানে বিশ্বাস করি, কিন্তু কোনো ধর্ষকের ঠাই বাংলার জমিনে হবে না। সময় বদলেছে, মানুষ বদলেছে। আগের দিন আর নেই এটি জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের দিন। কোনো অপরাধ করে কেউ পার পাবে না।
অন্যদিকে শাখা শিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন এমপির হিজাব নিয়ে দেওয়া বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের মন্তব্য কোনো জনপ্রতিনিধির কাছ থেকেই প্রত্যাশিত নয়। বাংলাদেশের সংবিধান নাগরিকের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করেছে, তাই জাতীয় সংসদে দাঁড়িয়ে পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। আমরা ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির পোশাক নিয়ে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাই।