২১ মে ২০২৬, ১১:৫৪

পদ ফিরে পেলেন ঢাবির ছাত্রদল নেতা হামিম

শেখ তানভীর বারী হামিম  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে তিনি পুনরায় নিজের দলীয় পদ ফিরে পেলেন। 

আজ বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ওপর পূর্বে আরোপিত সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক রাজনীতি পরিচালনায় তার ওপর আর কোনো ধরনের বিধিনিষেধ রইল না। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আরও পড়ুন: ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা বহু বছরের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন, বিচ্ছিন্ন ঘটনা নয়

এর আগে, চলতি বছরের ৪ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তৎকালীন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্বের অনুমোদনে তাকে সাময়িক এই অব্যাহতি প্রদান করা হয়।

তারও আগে, গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টার দিকে দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।