জুলাই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা ও সাধারণ শিক্ষার্থীদের পুলিশি হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এটি অনুষ্ঠিত হয়। যাতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়।
মেহেদী হাসান বলেন, ‘জুলাইকে আমরা চোখের সামনে সংগঠিত হতে দেখেছি। জুলাইয়ের স্মৃতিগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে জ্বলজ্বল করছে। যখনই জুলাইকে মুছে দেওয়ার পরিকল্পনা করা হবে। তখনই এগুলো নাড়াচাড়া দিয়ে উঠবে। কারণ এ দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঝরিয়ে দেশকে বাঁচিয়েছে। কোন রাজনৈতিক দলকে জুলাই ধারণ করা লাগবে না। এ দেশের ছাত্র জনতা জুলাই আন্দোলন করছে তারাই ধারণ করবে। জুলাইকে দীর্ঘায়িত করবে।’
রিশাদ নুর বলেন, ‘জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়া মানে আপনার আমার কথা মুছে দেওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছি জুলাই গ্রাফিতি আবার নতুন করে লেখার জন্য। আশা করি বাংলাদেশের মানুষ আবার এ জুলাই গ্রাফিতিগুলো লেখা শুরু করবে। আবার বাংলাদেশের মধ্যে জুলাই ফিরে আসবে।’
আশিকুর রহমান বলেন, ‘জুলাই আমাদেরকে মনে করিয়ে দেয় এ বাংলাদেশে ফ্যাসিস্টের কোনো চিন্হ থাকবে না। আমরা দেখেছি জুলাই সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশ বাহিনী কীভাবে আমাদের উপর অত্যাচার করেছিল। আবারও যদি সেই ধারার রাজনীতি চালু করতে চায় তাহলে তা রুখে দেওয়ার জন্য সর্বদা মাঠে আছি।’
উল্লেখ্য, চট্টগ্রাম নগরের ফ্লাইওভারের পিলারে ‘জুলাই বিপ্লবের’ গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ও ১৪৪ ধারা জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।