জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ
জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন।
সোমবার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা ও একটি দেশবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ইতিবাচক ভূমিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু বলেন, ‘জুলাই সনদ ও গণভোট নিয়ে শিক্ষার্থীরা যেনো অপব্যাখ্যা থেকে দূরে থাকতে পারে সেই বিষয়ে আমরা শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা নয় সারা দেশের সব প্রতিষ্ঠানে হাঁটে-বাজারে সকল নাগরিকদেরকে পৌঁছে দিতে চাই যে, জুলাই সনদ একটি মীমাংসিত ইস্যু।’
তিনি বলেন, ‘যখন রাষ্ট্র ৫ আগস্টের পরে একটি অসাংবিধানিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময়ে বাংলাদেশ আগামীতে কীভাবে চলবে এরকম একটি দিকনির্দেশনামূলক গাইডলাইন দরকার ছিল। সেইসময়ে একটি গণতান্ত্রিক সরকার এদেশে দরকার ছিল। এরই ভিত্তিতে ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। বিএনপি জুলাই সনদকে বুকে ধারণ করে বলেই সবার আগে নির্বাচনি ইশতেহারে জুলাই সনদ যোগ করেছিল।’
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘বিএনপি সরকার যে কাজগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছে আপনারা সোচ্চার থেকে বিএনপিকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের দেশ পরিচালনা জন্য যে দায়িত্ব দিয়েছেন আমরা ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করব। যখন জামায়াত-এনসিপি নিজেদের পরিচয় দিতে ভয় করত, তখন বিএনপি রাষ্ট্র কীভাবে আগাবে সেই নিয়ে পরিকল্পনা করেছে এবং জাতির সামনে তা উপস্থাপন করেছে।’
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রীর তারেক রহমান তিনি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর, জুলাই সনদ বাস্তবায়নের যে ছয়টি কমিশন গঠন করা হয়েছিল, সেখানে ৬৫০টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি জাতীয় সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিনিধিত্ব করছে।’
তিনি বলেন, ‘জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে জামাত এবং এনসিপি জুলাই সনদকে নিয়ে যেভাবে মব তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের জনগণের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকর হবে তার আরেকটি করে। তারা মোনাফিক পরিচয় আবির্ভাব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত-এনসিপি সারা বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়কে নিয়ে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, সেজন্য তারা জুলাই সনদকে নিয়ে রাজনীতি করছে। বিএনপি জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে ‘
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।