জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্টে ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের অঙ্গীকারবদ্ধতা ও সরকারের অবস্থান জনগণের সামনে স্পষ্টকরণে লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১৭ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির, নুরুদ্দিন, উল্লাস, রোকন, মামুন, রনি, তৌহিদ, আলামিন, স্বাক্ষর, জনি, পুলক, রিফাত, সীমা, অংকন, রাকিব ও অন্যরা।
এদিন বিশ্ববিদ্যালয়ের আমতলা, বটতলা, ঝালচত্বর, প্রশাসন ভবন চত্বর, দুপুর ২টার বাসের শহরগামী শিক্ষার্থী এবং প্রশাসন ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদ পরিপন্থী, যা প্রতারণামূলক’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল, সেখানে জুলাই সনদের কথা উল্লেখ ছিল। জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাব দাখিল করেছিল। যেটা গত বছরের ১৭ অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাখিল করেছিল এবং সেখানে সনদে স্বাক্ষর করেছিল বিএনপির পক্ষ থেকে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি স্বাক্ষর করেছিল। সেখানে জামাতসহ অন্যান্য দলও কিন্তু স্বাক্ষর করেনি বা পরবর্তীতে করেছে। যেটা বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে, এগুলো ব্যতীত বিএনপি আগেই জানিয়েছিল যে আমরা এই এই বিষয়গুলো সংস্কার করব না।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সরকারের বিরুদ্ধে একটি গ্রুপ বা বিরোধী দলের বটবাহিনী প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে গুজব ছড়াচ্ছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আমরা হুশিয়ারি করে বলতে চাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিটি কথার গুরুত্ব আছে। দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি সরকার গঠন করেছে। বট বাহিনীর আক্রমণ, অপপ্রচারের বিরুদ্ধে আমরা সঠিক তথ্যটি লিফলেটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানাচ্ছি।’